সীমান্ত সন্ত্রাস রোধে এক হতে হবে
‘সীমান্ত সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীকেও একযোগে কাজ করতে হবে। এজন্য এলাকায় জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে। সীমান্তবর্তী জনপ্রতিনিধি ও সব স্তরের পেশাজীবীর নিজেদের মধ্যেও গড়ে তুলতে হবে ঐকমত্য।’
আজ বুধবার বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের শেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন বিজিবি-১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনামুল আরিফ সুমন।
বিজিবি অধিনায়ক বলেন, অস্ত্রপাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশুপাচার, মাদকপাচার ও জঙ্গি প্রতিরোধে জনগণ এগিয়ে না এলে তা বন্ধ করা সম্ভব নয়। বিজিবি সীমান্ত রক্ষা ও সীমান্তের অপরাধ দমনে রাতদিন কাজ করে যাচ্ছে। এর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তারাই চিহ্ণিত করবে কে অপরাধী আর কে অপরাধী নয়।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মাঈনুদ্দিন হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি-কালিগঞ্জ সার্কেল) মির্জা সালাহ উদ্দিন, বিজিবি-১৭ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল-মামুন, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম প্রমুখ।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা