ভীতি ছড়াতে ‘বন্দুকযুদ্ধ’ সাজানো হচ্ছে : বিএনপি
বিএনপি দাবি করেছে, আইন প্রয়োগকারী সংস্থা ‘বন্দুকযুদ্ধের’ নামে দলটির নেতা-কর্মীদের গুলি করছে। অন্য নেতা-কর্মীদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়ার কৌশল হিসেবে এ ‘বন্দুকযুদ্ধ’ নাটক সাজানো হচ্ছে। এতে মানুষের মধ্যে আইনের শাসন নিয়ে হতাশা ক্রমেই বাড়ছে।
আজ সোমবার বিএনপির পক্ষে বিবৃতি দেন দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি অনতিবিলম্বে আইন বহির্ভূত হত্যাকাণ্ডে রোধে সরকারকে দৃশ্যমান প্রতিকার নেওয়ার আহ্বান জানান।
বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থা বগুড়া শহর যুবদল সভাপতি মাসুদুর রহমান মাসুদের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আবারও বরাবরের মতো ‘বন্দুকযুদ্ধের’ সাজানো নাটক অবতারণার ঘটনায় বিএনপি উদ্বিগ্ন। আইন প্রয়োগকারী সংস্থার এ ধরনের অমানবিক ভূমিকাকে তারা (বিএনপি) তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বিএনপি।
বিবৃতিতে আরো বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থার হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশে-বিদেশে নিন্দিত হলেও তারা এ পথ থেকে সরে আসছে না, যা খুবই উদ্বেগজনক এবং আইনের শাসনের পরিপন্থী।
বিবৃতিতে আরো বলা হয়, ‘জয়পুরহাট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আফজাল হোসেন দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনের সুস্থতা ফিরে আসার লক্ষণ নয়। কখনো বন্দুকযুদ্ধের নামে, কখনো আততায়ীর হাতে রাজনৈতিক নেতা-কর্মীদের আহত-নিহত হওয়ার ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থা বিকশিত হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
বিবৃতিতে বিএনপির সুনামগঞ্জ সদর থানা নেতা সেলিম ভুট্টোকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তি দাবি করা হয়।
