ভিকটিম সাপোর্ট সেন্টার নিয়ে আরএমপির লিফলেট বিতরণ
ভিকটিম সাপোর্ট সেন্টারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মহানগর পুলিশ (আরএমপি) লিফলেট বিতরণ করেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগরীর লক্ষ্মীপুর মোড়, তালাইমারী শহীদ মিনার ও আরডিএ মার্কেট এলাকায় জনসাধারণের মাঝে এসব লিফলেট বিতরণ করেন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। ভিকটিম সাপোর্ট সেন্টারের সহযোগী সংস্থাসমূহের প্রতিনিধি, পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে লিফলেট বিতরণ উপলক্ষে লক্ষ্মীপুর মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লক্ষ্মীপুর পুলিশ বক্স থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
আরএমপির মুখপাত্র জানান, রাজশাহীতে বিভিন্ন সহিংসতার শিকার নারী ও শিশুদের পেশাগত সেবা প্রদানের জন্য ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর শাহ মখদুম থানা ক্যাম্পাসে ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হয়। যাত্রা শুরুর পর থেকে ১০টি এজিওর সহযোগিতায় কাজ করে চলছে ভিকটিম সাপোর্ট সেন্টার। সহযোগী সংস্থাগুলো হলো বাংলাদেশ মহিলা পরিষদ, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মেরি স্টোপস, ফাউন্ডেশন ফর ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স, অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি), জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা সমাজসেবা অধিদপ্তর। সহিংসতার শিকার নারীদের ক্ষেত্রে যেকোনো বয়স এবং ছেলে শিশুর ক্ষেত্রে ৮ বছর বয়স পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে সেবা দেওয়া হয়।
এদিকে, এর আগে পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম নগরীর টি-বাঁধ এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজউদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ. ম সাজু, রাজশাহী