আশাশুনিতে বেড়িবাধে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের লঞ্চঘাট এলাকা ভেঙে কপোতাক্ষগর্ভে বিলীন হয়ে গেছে। কুড়িকাহনিয়া এলাকার এই ভাঙন অব্যাহত থাকায় গত দুদিনে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামবাসী চেষ্টা করেও ভাঙন রোধ করতে পারছে না।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, গতকাল সোমবার ভোরে কুড়িকাহনিয়ায় কপোতাক্ষের জোয়ারের চাপে লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধ ধসে যায়। এতে বেড়িবাঁধ ভাঙতে শুরু করে। প্রথম দফায় গ্রামবাসীর চেষ্টায় বাধ মেরামত করে পানি ঠেকানো গেলেও কয়েক ঘণ্টা পর তা আবার ভাঙতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৭/২ পোল্ডার এলাকা এই ভাঙনের কবলে পড়েছে।
চেয়ারম্যান আরো জানান, মঙ্গলবার নতুন করে বেড়িবাঁধের ১৫০ ফুট এলাকা ভেঙে কাছের ছয়টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। গ্রামগুলো হচ্ছে কুড়িকাহনিয়া, সনাতনকাঠি, কল্যাণপুর, প্রতাপনগর, তালতলা ও শ্রীপুর। এসব গ্রামের মানুষ এখন অনেকটাই পানিবন্দি হয়ে পড়েছে। তাদের বাড়িঘরে জোয়ারের পানি উঠেছে। তাদের ধান, ফসল, চিংড়ি ঘের, গবাদি পশু ও গাছপালা বিপন্ন হতে চলেছে।
পাউবোর স্থানীয় কর্মকর্তা আবদুস সবুর জানান, ভাঙনকবলিত এলাকাটির জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। অচিরেই এটা পাস করিয়ে বাঁধ সংস্কারকাজ শুরুর আশ্বাস দেন তিনি। তিনি জানান, প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় জনবল সহায়তা দেওয়া হচ্ছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা