ভুয়া কাগজে পুলিশে যোগদানের চেষ্টা, কারাগারে যুবক
বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভূয়া কাগজপত্র নিয়ে উপপরিদর্শক (এসআই) পদে যোগ দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। গতকাল রোববার রাতে তাঁকে আটক করা হয়। পরে আজ সোমবার বিকেলে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আটক যুবকের নাম আবু রায়হান (২৫)। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চররাঘব গ্রামে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, গতকাল রোববার দুপুরে আবু রায়হান ভুয়া নিয়োগপত্রসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ক্যাডেট শাখায় ৩৫তম বহিরাগত ক্যাডেট এসআই হিসেবে যোগ দিতে যান। এ সময় পুলিশ একাডেমির পক্ষ থেকে তাঁর কাগজপত্র যাচাই করা হলে সেগুলো ভুয়া প্রমাণিত হয়। এরপর তাঁকে আটক করে চারঘাট থানায় হস্তান্তর করা হয়।
ওসি আরো জানান, আবু রায়হানের এই প্রতারণার চেষ্টায় পুলিশ একাডেমির ক্যাডেট শাখার পরিদর্শক শেখ এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শ. ম সাজু, রাজশাহী