রাজশাহীতে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
রাজশাহীতে শাহরিয়ার আলম কাব্য নামের সাত বছরের শিশুসন্তানকে মাথায় আঘাত করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা। মহানগরীর নতুন বুধপাড়া এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর কাব্যের মা তসলিমা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শিশু কাব্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কাব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, নিহত কাব্যের বাবা রফিকুল ইসলাম মেহেরচণ্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ছাড়া এলাকায় তাঁর একটি ওষুধের দোকান আছে। ঈদের ছুটিতে কাব্য নগরীর সাধুর মোড় এলাকায় তার নানা-নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সন্ধ্যায় কাব্যকে তার বাবা নানা-নানির বাড়ি থেকে নিজেদের বাড়ি নিয়ে যান। এর পর ছেলেকে বাড়িতে রেখে তিনি ওষুধের দোকানে যান। রাত ১০টার দিকে বাড়ি ফিরে তিনি ঘর ভেতর থেকে বন্ধ দেখতে পান।
ওসি আরো জানান, এরপর অনেক ডাকাডাকি করেও স্ত্রী-সন্তান দরজা না খোলায় রফিকুল ইসলাম প্রতিবেশী কয়েকজনকে সঙ্গে নিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালে কাব্যকে রক্তাক্ত অবস্থায় এবং পাশে মা তসলিমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কাব্যকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তসলিমা কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও প্রতিবেশীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বলেও জানান ওসি।

শ. ম সাজু, রাজশাহী