গরুর হাট দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু অপহরণ
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত এক শিশুকে রাজশাহীর নওদাপাড়া থেকে উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৫-এর সদস্যরা।
আজ শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী এক দম্পতিকে আটক করা হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম আহসান হাবীব সিয়াম (৬)। সে আশুলিয়া এলাকার ওয়াসিম ভুঁইয়ার ছেলে।
আটককৃত দম্পতি হলেন রাজশাহীর কাটাখালী এলাকার আকরাম আলীর ছেলে আবদুল হাই শিবলী (২৯) ও শিবলীর স্ত্রী সেফালী বেগম (২৬)।
র্যাব ৫-এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার কে বি এম মোবাশ্বের রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, শিবলী ও তাঁর স্ত্রী সেফালী বেগম আশুলিয়ায় এক বাড়িতে ভাড়া থাকতেন। একই ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়াসিম ভুঁইয়া। গত ৭ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে বাড়িতে কেউ না থাকার কোরবানির হাট দেখানোর প্রলোভন দেখিয়ে ওই দম্পতি সিয়ামকে অপহরণ করে।
পরে ওয়াসিম ভুঁইয়া আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া তিনি র্যাব-১ সদস্যদের বিষয়টি অবগত করেন। সিয়ামকে অপহরণের পর অপহরণকারী শিবলী তাঁর বাবা ওয়াসিমের মোবাইলে ফোন করে জানায়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। ১৩ লাখ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দেওয়া হবে। টাকা না দিলে সিয়ামকে হত্যার হুমকি দেওয়া হয়।
বিষয়টি ওয়াসিম ভুঁইয়া র্যাব-১ ও আশুলিয়া থানার পুলিশকে জানালে তারা অপহরণকারী শিবলীর মোবাইল ফোনের সূত্র ধরে রাজশাহী র্যাব ৫-এর সদস্যদের জানান। পরে র্যাব-৫ অভিযান শুরু করে। অপহরণের পর শিশু সিয়ামকে নিয়ে তারা বিভিন্ন স্থানে অবস্থান করে বলে জানায় র্যাব। একই সঙ্গে মুক্তিপণের টাকার জন্য বারবার চাপ দেয়।
র্যাবের পরামর্শে সিয়ামের বাবা অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে শুক্রবার ২০ হাজার টাকা পাঠান। দুপুরে রাজশাহী র্যাব-৫ সদস্যরা ওই বিকাশ নম্বর থেকে টাকা উত্তোলনের সময় নগরীর নওদাপাড়া এলাকা থেকে ওই দম্পতিকে আটক এবং শিশু সিয়ামকে উদ্ধার করেন।

শ. ম সাজু, রাজশাহী