তালায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
সাতক্ষীরার তালা উপজেলার খলিসখালীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মোস্তাসিন গাজী নামের এক যুবককে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. ফরিদ হোসেন আজ শুক্রবার এই রায় দেন। মোস্তাসিন উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, খলিসখালী আক্তারুজ্জামান টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে মোস্তাসিন প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকাল বৃহস্পতিবারও কলেজ শেষে বাড়ি ফেরার পথে মোস্তাসিন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। তখন কলেজছাত্রী এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তাসিন তাকে লাঠি দিয়ে মারপিট করে আহত করে।
ওসি আরো জানান, আজ শুক্রবার মোস্তাসিনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম তাঁকে কারাদণ্ড দেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা