ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি বাঘায় গ্রেপ্তার
নাটোরের লালপুরে শিশু মুক্তি হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি সাহারুল ইসলামকে রাজশাহীর বাঘা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে বাঘা বাসস্ট্যান্ড থেকে লালপুর থানার পুলিশ সাহারুলকে গ্রেপ্তার করে। তিনি লালপুরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, ২০০৭ সালে রঘুনাথপুর গ্রামের মোকাররম আলীর মেয়েশিশু মুক্তিকে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সাহারুল। পরে কানের দুল ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখে। বিভিন্ন জায়গায় খোঁজ করার পরও শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সাহারুলের ঘরে পুঁতে রাখা মুক্তির লাশ উদ্ধার করে।
এ ঘটনায় সাহারুল, তাঁর বাবা আক্কেল আলী ও মা পারুল বেগমকে আটক করে পুলিশ। আটকের পর তারা আদালত থেকে জামিনে মুক্তি পায়। এর পর থেকে সাহারুল পলাতক ছিল।
এ বছরের ৯ মার্চ আদালতের রায়ে মা ও বাবা মুক্তি পান এবং সাহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন নাটোরের আদালত। আজ ভোরে সাহারুল বাঘায় এক আত্মীয়ের বাড়িতে আসে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
দুপুরে আদালতের মাধ্যমে সাহারুলকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবু ওবায়েদ।

শ. ম সাজু, রাজশাহী