কলারোয়ায় ১২ নারীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় কলারোয়ার চান্দুড়িয়ায় পুলিশের হাতে কামড় দিয়ে নাশকতা ও অস্ত্র চোরাচালান মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১২ জন নারীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার কলারোয়া থানায় করা এ মামলায় বাদী হয়েছেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন হাজরা।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস জানান, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়েছে। মামলায় ১২ জন নারীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ১৯ জনের নাম উল্লেখ করে মোট ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলার চন্দনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শফিকুল ইসলামকে গ্রেপ্তার করার সময় নারীরা হামলা চালায়। এমনকি গ্রেপ্তার হওয়া শফিকুলকে ছিনিয়ে নেয়। নারীদের কামড়ে কনস্টেবল সবুজ আহত হন।
এসআই পিন্টু লাল দাস জানান, সাদা পোশাকধারী পুলিশ শফিকুলকে গ্রেপ্তারও করে। এ সময় শতাধিক নারী পুলিশের ওপর পাল্টা হামলা চালিয়ে শফিকুলকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কবির আহমেদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা