রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজশাহী মহানগরীতে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, ওই এলাকার আবু সাঈদের ছেলে কোরাইশ হোসেন (৪) ও জহিরুল ইসলামের মেয়ে বৈশাখী খাতুন (৪)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাশাপাশি দুই বাড়ির দুই শিশু দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের একটি পুকুরের পাশে বসে খেলছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা পানি থেকে উদ্ধার করে শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ. ম সাজু, রাজশাহী