সাতক্ষীরায় সোনা চোরাচালান মামলার আসামি জেলহাজতে
সোনা চোরাচালান মামলায় আজ সোমবার সাতক্ষীরার মিলন পালকে আদালতে হাজির করে পুলিশ। ছবি : এনটিভি
সাতক্ষীরায় ১৬ কেজি সোনা চোরাচালান মামলার আসামি মিলন পাল ওরফে গোল্ড মিলনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল ইসলামের আদালতে হাজির করে মিলনের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে মিলনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, গত ২ সেপ্টেম্বর সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ কেজি সোনা ভারতে পাচার করার সময় আলিউজ্জামান নামের এক চোরাচালানিকে হাতেনাতে গ্রেপ্তার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শহরের মিলন জুয়েলার্সের মালিক মিলন পালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোনা চোরাচালানের ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা