ফরিদপুরে প্রোডাকশন হাউস অঙ্গনের যাত্রা শুরু
ছড়িয়ে থাকা গ্রামীণ প্রতিভার বিকাশ ঘটাতে ফরিদপুরে যাত্রা শুরু করল প্রোডাকশন হাউস ‘অঙ্গন’।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের একটি চায়নিজ রেস্তোরাঁয় কেক কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
অঙ্গন প্রোডাকশন হাউসের কর্ণধার জীবন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আলাউদ্দীন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা জানান, গ্রামীণ অনেক প্রতিভা সুযোগের অভাবে বিকশিত হতে পারে না। ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো কাজের সুযোগ করে দিতে কাজ করবে অঙ্গন প্রোডাকশন হাউস। অঙ্গনের নির্মিত নাটক, টেলিফিল্ম, সিনেমা, মিউজিক ভিডিওসহ অন্যান্য পরিবেশনা দেশের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে তিনটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। এগুলো ফরিদপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে নির্মাণ করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর