প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখাতে বিএনপির বাক্সেও ভোট : সাকি
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে তা প্রমাণের জন্য বিএনপি সমর্থিত প্রার্থীদের বাক্সেও বিপুল পরিমাণ ভোট দেখানো হয়েছে। ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি আজ বুধবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
বিবৃতিতে সাকি বলেন, ‘আমাদের বহু কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী সকালে (মঙ্গলবার) ভোট দিয়ে আসার পর কৌতূহলবশত সন্ধ্যায় ভোটকেন্দ্রে গিয়ে জেনেছেন সেখানে টেলিস্কোপ মার্কায় কোনো ভোটই নাকি পড়েনি। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থীরা সকালের দিকেই ভোট বর্জন করলেও তাদের বাক্সে বিপুল পরিমাণ ভোট দেখানো হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখানোর জন্য।’
‘এর মাধ্যমে সরকারি দল একে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখানোর আয়োজন করেছে। অন্যদিকে তাদের দ্বি-দলীয় বৃত্ত অটুট রাখার চেষ্টা করা হয়েছে।’ বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এই দ্বি-দলীয় বৃত্তের বাইরে কোনো রাজনৈতিক সম্ভাবনাকে সামনে আসতে না দেওয়ার মাধ্যমে সরকারি দলের ক্ষমতার স্থিতাবস্থা বজায় রাখাই এর উদ্দেশ্য বলেও অভিযোগ করেন জোনায়েদ সাকি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘গতকাল সকাল ১০টার পর থেকেই কার্যত প্রতিটি কেন্দ্র সরকারি দলের সমর্থকদের বিনোদনকেন্দ্র হয়ে ওঠে। বহু কেন্দ্রে বাকি সবাইকে বের করে দিয়ে তারা নিজেরাই ব্যালটে সিল মেরেছে। নিজেরাই অন্য প্রার্থীদের এজেন্ট বনে গেছে। এভাবে কেন্দ্র দখল, হুমকি, সহিংসতা জালভোট ইত্যাদির মাধ্যমে পুরো নির্বাচনই একটা প্রহসনে পরিণত হয়েছে।সংবাদকর্মীদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। যে অল্প কয়েকটা কেন্দ্রে তারা ঢুকতে সমর্থ হয়েছে, সেখানেও বিপুল অনিয়মের চিত্র ফুটে উঠেছে।’
দেশের সহিংস রাজনীতির বিপরীতে একটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসার যে সুযোগ তৈরি হচ্ছিল সেখানে সুষ্ঠুভাবে ভোট দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, ‘এই শঙ্কা দূর করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার পরিবেশ সৃষ্টির দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন সেসব বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি।’
তবে এত কিছুর পরও আগামীর ঢাকা, সকলে মিলে গড়ে তোলার যে অঙ্গীকার তিনি করেছিলেন সে অঙ্গীকার সাধ্যমতো অব্যাহত রাখবেন বলে জানান সাকি। বিবৃতিতে সাধারণ মানুষকে সেই সংগ্রামে আরো বর্ধিত আকারে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অনলাইন ডেস্ক