যুক্তরাষ্ট্রের পাশে থাকাটা খালেদা জিয়া মানতে পারছে না : নৌমন্ত্রী
সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশে পাশে যুক্তরাষ্ট্রের থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তা মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ বুধবার বিকেলে সিলেটে দক্ষিণ সুরমার কামাল বাজার সংলগ্ন মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজ ও জঙ্গিবিরোধী সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বঙ্গবন্ধু পরিষদ দক্ষিণ সুরমার উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ লালনপালন করছেন খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি। আর যুদ্ধাপরাধীদের বাঁচাতে বঙ্গবন্ধুকে হত্যার অনুমতি দিয়েছিলেন জিয়াউর রহমান।’
শাহজাহান খান বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি জ্বালানো, ঘরবাড়িতে অগ্নি সংযোগ, পেট্রল বোমা দিয়ে মানুষ হত্যা করার জন্য খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউর রহমান। তার বিচার সৃষ্টিকর্তা করেছেন।’ তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় জন কেরি বাংলাদেশের পাশে আছেন। আর এটা খালেদা জিয়া মেনে নিতে পারছেন না। এতে তাঁর গা জ্বালাপোড়া করছে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

মারুফ আহমেদ, সিলেট