শ্যামনগরে নারী চিকিৎসকদের ওপর ছাত্রলীগের হামলা!
শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসকের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
গত রোববার ওই হামলার ঘটনা ঘটায় ছাত্রলীগ। আজ মঙ্গলবার জেলা কার্যালয়ে আয়োজিত জরুরি বৈঠকে এ অভিযোগ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখা। এ ঘটনায় জড়িত ছাত্রলীগের অন্যদের আটকের জন্য তিনদিনের আলটিমেটাম দেয় বিএমএ।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, গত রোববার দুপুরে তাহেরা খাতুন নামে চার বছর বয়সী এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পেটের নাড়ি জড়ানো (ইনটেসটিন্যাল অবস্ট্রাকশন) অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক দীপংকর মণ্ডল শিশু তাহেরার শরীরে স্যালাইন লাগিয়ে বিছানায় পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পর বমি করায় চিকিৎসক দীপংকর মণ্ডল শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার আগে তাহেরার এক্স-রে করারও পরামর্শ দেন তিনি।
দীপংকর বলেন, ‘এক্স-রে সম্পন্ন করে আসার মিনিট পাঁচেকের মধ্যে দুপুর ২-২০ মিনিটের দিকে শিশুটি মারা যায়।’ এ ক্ষেত্রে চিকিৎসকের অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
শিশু তাহেরা উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামে। তাহেরার বাবা গোলাম মোস্তফা অবশ্য এ নিয়ে কোনো ধরনের অভিযোগ করেননি।
এদিকে, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শম্পা রানী তাহেরার মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট লেখার প্রস্তুতি নিতেই তার ওপর হামলা চালান ছাত্রলীগের কয়েকজন নেতা। তাঁদের অভিযোগ, শিশুটি চিকিৎসাজনিত অবহেলায় মারা যায়। শম্পা রানী জানান, তিনি রোগীটি সম্পর্কে তেমন কিছু জানতেন না। তিনি শিশুটির মৃত্যুসনদ প্রস্তুত করার আয়োজন করছিলেন।
হাবিবুর রহমান বলেন, এ সময় রোগীর পক্ষ নিয়ে শ্যামনগর মহসীন কলেজ ছাত্রলীগ সভাপতি আবদুস সবুর ও রহমতের নেতৃত্বে ছয়-সাতজন যুবক ডা. শম্পা রানীকে কিল-চড়-ঘুষি মেরে ও কাপড়চোপড় ছিঁড়ে প্রকাশ্যে লাঞ্ছিত করেন। এ সময় শম্পা আত্মরক্ষার্থে দৌড়ে স্থান ত্যাগ করেন। তিনি জানান, তাঁরা তাঁকেও লাথি মারার চেষ্টা করে ব্যর্থ হয়। হামলাকারী ছাত্রলীগ নেতারা হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর চালান।
এদিকে, এ ঘটনার পর শম্পা রানী শ্যামনগর থানায় হামলাকারী ছাত্রলীগ নেতা আবদুস সবুর, আবদুর রহমতসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এদিকে, এ বিষয়ে সাতক্ষীরা জেলা বিএমএর সভাপতি ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার জরুরি বৈঠক বসে। ডা. আজিজ ডা. শম্পা রানীর ওপর হামলার নিন্দা জানিয়ে জানান, শ্যামনগর হাসপাতালে চিকিৎসক প্রয়োজন ২২ জনের। অথচ আছেন মাত্র পাঁচজন। এখানে সব সময় রোগীর চাপ বেশি থাকায় স্বল্পসংখ্যক ডাক্তার দিয়ে সামলানো কঠিন। তিনি বলেন, সেদিন ডাক্তারদের অবহেলার অভিযোগ সত্য নয়। তাঁরা আগামী শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা