রাবিতে ছাত্রমৈত্রী নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাবি প্রগতিশীল ছাত্রজোট। এ সময় তারা সুন্দরবন সংলগ্ন রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলেরও দাবি জানায়।
আজ সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে কোনো একটা বিষয়ে নানা জনের নানা মত থাকতেই পারে। দিলীপ রায় ফেসবুকে তাঁর মতটাই শুধু প্রকাশ করেছে। এটাকে কটূক্তি উল্লেখ করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। তাই আমরা দিলীপের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রদীপ মার্ডি বলেন, ‘দিলীপ রায়কে আজ সোমবার সকালে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কপি পাইনি।’
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিপ্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়কে বিশ্ববিদ্যালয়ের আম চত্বর থেকে ধরে পুলিশে সোপর্দ করে। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় দিলীপ রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।

রাবি সংবাদদাতা