‘আওয়ামী লীগ সব ধর্মের অধিকার নিশ্চিত করেছে’
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বিএনপি-জামায়াতের দুঃশাসন ভুলে দেশের মানুষও এখন শান্তিতে বসবাস ও সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনের অধিকারও নিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার রাঙামাটিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালি ও অন্যান্য কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এ সময় রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে।
বৃহস্পতিবার সকালে শহরের শাহ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণিল র্যালি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।

ফজলে এলাহী, রাঙামাটি