বকেয়া বিদ্যুৎ বিল চাওয়ায় হামলা, সংঘর্ষ
বকেয়া বিদ্যুৎ বিল চাওয়ায় ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকার পবনারটেক গ্রামে আজ সোমবার পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন পল্লী বিদ্যুতের কর্মীরা। এতে পল্লী বিদ্যুতের অন্তত ২০ কর্মকর্তা-কর্মচারী আহত হন।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ১-এর কর্মকর্তারা জানান, দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকার স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে কয়েক মাসের ৩০টি মিটারের বকেয়া বিদ্যুৎ বিল ৮০ হাজার টাকা তুলতে যান কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় আনোয়ার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পল্লী বিদ্যুতের কর্মচারীরা ৩০টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আনোয়ার হোসেনের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। এ সময় পল্লী বিদ্যুতের কর্মচারীরাও লাঠিসোটা দিয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ। এতে কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সৈয়দ আলী, ইব্রাহীম খান, কর্মচারী লাবলু, শাহাজান, ফয়সালসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সংঘর্ষের খবর পেয়ে ভাদাইল এলাকা পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহিদুর রহমান