বাবার পর ছেলেরও প্রাণ গেল সাপের ছোবলে
দুদিন আগেই সাপের ছোবলে মারা গেছেন বাবা। সেই শোকে যখন গোটা পরিবার আচ্ছন্ন, তখন আবারও সাপের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়ল স্কুলপড়ুয়া ছেলে।
এই দুই মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রাম এখন শোকস্তব্ধ।
কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার জানান, দুদিন আগে (গত সোমবার রাতে) শ্রীকলা গ্রামের চাল ব্যবসায়ী আনার আলী বাড়িতে ঘুমিয়েছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁকে ছোবল মারে। গ্রামের ওঁঝাদের দিয়ে ঝাড়-ফুঁক করিয়েও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত মারা যান তিনি।
এদিকে বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই সাপের ছোবলে মৃত্যু হয়েছে আনার আলীর ছেলে আমিরুল ইসলামের।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টু জানান, গতকাল বুধবার রাতে আমিরুল নিজ ঘরে ঘুমিয়েছিল। এ সময় একটি বিষধর সাপ ছোবল মারলে তারও মৃত্যু হয়।
আমিরুলকে বাঁচাতে ওঁঝা ছাড়াও ডাক্তার নিয়ে আসা হয়েছিল। আমিরুল স্থানীয় শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ইউপি সদস্য আরো জানান, আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ থানার উপপরিদর্শক হেকমত আলী আমিরুলের লাশ ও ডাক্তারের প্রতিবেদন দেখে নিশ্চিত হন যে, তাকে সাপে ছোবল মেরেছে। তাঁর অনুমতি নিয়েই আমিরুলকে দাফন করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, দুদিনের ব্যবধানে সাপের ছোবলে একই পরিবারের বাবা ও ছেলে মারা গেছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা