মণিরামপুরের ১৩ ইউনিয়নকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
যশোরে আজ সংবাদ সম্মেলনে মণিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য। ছবি : এনটিভি
যশোরের মণিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য। আজ বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি।
যশোর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য বলেন, ‘এক মাসের মধ্যে দুই দফা ভারি বর্ষণের কারণে মণিরামপুর উপজেলার প্রায় দুই-তৃতীয়াংশ পানিতে ডুবে গেছে। গৃহহীন হয়ে পড়েছে দুই লাখেরও বেশি মানুষ। ৪০ হাজার ঘরবাড়িসহ কয়েক হাজার পুকুর জলাশয় পানিতে ভেসে গেছে।’
এতে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে অবিলম্বে এ অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।
সংবাদ সম্মেলনে মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম সজল, যশোর