‘খালেদা জিয়ার ওপর হামলা রাষ্ট্রের ওপর প্রছন্ন হুমকি’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জনসংযোগ করার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য প্রচ্ছন্ন হুমকি বলে উল্লেখ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে প্রতিবাদ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা এই মন্তব্য করেন।
প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিচুতলায় শেষ হয়। পরে এখানেই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন শিক্ষকরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সরকারের সঞ্চালনায় সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. রফিকুল ইসলাম বলেন, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রাধান্য বিস্তার করতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দিয়ে সরকার বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে এই হামলাগুলো করেছে। তিনি বলেন, তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর ওপর হামলার এই ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য প্রচ্ছন্ন হুমকি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. কে এ এম শাহাদাৎ হোসেন মণ্ডল বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির পাশাপাশি সিটি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানান। সমাবেশে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. এম আজহার আলী। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আমজাদ হোসেন, অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, অধ্যাপক ড. বেলাল হোসেন, ড. ইফতেখারুল আলম মাসউদ, ড. শামসুজ্জোহা ইসামী, ড. সারওয়ার জাহান লিটন প্রমুখ।

শ. ম সাজু, রাজশাহী