সাতক্ষীরায় নকল প্রসাধনী কারখানা, গ্রেপ্তার ২
নকল প্রসাধন সামগ্রী ও একই সাথে ভেজাল খাদ্য তৈরির একটি চোরাই কারখানার সন্ধান মিলেছে সাতক্ষীরায়।
আজ মঙ্গলবার বিকালে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ইটাগাছার ওই কারখানায় হানা দিয়ে নকল সামগ্রী জব্দ করেছে। এ সময় দুই কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী দুজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমদ হাসমী জানান, ইটাগাছার বুলবুলের বাড়ি ভাড়া নিয়ে প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে নকল প্রসাধন সামগ্রী, ডিটারজেন্ট পাউডার এবং ভেজাল খাদ্য বিশেষ করে পানীয়, জুস তৈরি এবং তাতে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল বসিয়ে বাজারজাত করে আসছিল। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদীর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ির মালিক বুলবুল পালিয়ে গেলেও গ্রেপ্তার হন দুই কারিগর। এঁরা হলেন- আবদুল্লাহ আল মামুন এবং আনোয়ার হোসেন মৃধা। মামুনের বাড়ি আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামে এবং আনোয়ারের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা