লঞ্চে তরুণীর গলা কাটা লাশ, স্বামীসহ আটক ৩
ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী পারাবত-১০ লঞ্চের স্টাফ কেবিন থেকে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তরুণীর স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই তরুণীর নাম মিলা। তাঁর বাড়ি কুমিল্লায়।
আটক ব্যক্তিরা হলেন তরুণীর স্বামী আনিস, তাঁর চাচাতো ভাই কালাম ও কালামের বন্ধু তুষার। আনিস ও কালামের বাড়ি শরীয়তপুরে। তুষারের বাড়ি নওগাঁয়।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন জানান, ঢাকা থেকে পারাবত-১০ লঞ্চের স্টাফ কেবিন ভাড়া নিয়ে আনিস ও তাঁর স্ত্রী মিলা বরিশালে যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে ভেতরে ধস্তাধস্তির শব্দ শুনে বাইরে থাকা যাত্রীরা কেবিনের দিকে যান। এ সময় আনিস ও তাঁর সহযোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বাইরে থাকা অপর যাত্রীরা তিনজনকে আটক করেন। কেবিনে ঢুকে যাত্রীরা গলা কাটা অবস্থায় ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন।
আওলাদ হোসেন জানান, প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, ধর্ষণের পর তরুণীকে হত্যা করা হয়েছে। আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটন করা যাবে।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল