প্রজননস্বাস্থ্য সচেতনতায় পথনাটক
তরুণ প্রজন্মকে প্রজননস্বাস্থ্য ও স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতন করতে মেরী স্টোপস বাংলাদেশ তৈরি করেছে পথনাটক ‘ভুল ভাঙ্গার গান’। প্রতিষ্ঠানটির লিংক-আপ ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘জীবন তো একটাই সুস্থভাবে বাঁচতে চাই’ স্লোগানে পথনাটকটি দেশের ২১টি জেলায় ১২০টি নির্বাচিত স্থানে প্রদর্শিত হবে। আজ বুধবার মেরী স্টোপসের এক বিবৃতিতে এ সব তথ্য জানানো হয়েছে।
গত ৫ এপ্রিল থেকে ঢাকায় এই নাটকের প্রদর্শনী শুরু হয়েছে। আগামীকাল ২৩ এপ্রিল পর্যন্ত ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথনাটকটির ১২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটি লিখেছেন আব্দুল্লাহ মাহমুদ এবং পরিচালনা করেছেন ফয়েজ জহির। আগামীকাল মোহাম্মদপুর বেড়িবাঁধে সকাল সাড়ে ১০টা এবং মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বেলা ৩টায় পথনাটকটি প্রদর্শিত হবে।
মেরী স্টোপস বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিষয়ক প্রচলিত ভুল ধারণা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে এই পথনাটক তৈরি করা হয়েছে। নাটকটিতে ওস্তাদ-সাগরেদের বর্ণনার মাধ্যমে এইচআইভি এইডসে ঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যৌনজীবন সম্পর্কে ভুল ধারণাগুলো তুলে ধরা হয়েছে। সুস্থ ও নিরাপদ যৌন জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়েছে।
নাটকটির মূল বিষয়বস্তু হলো, এইচআইভি এইডসে ঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠী (পতিতা, হিজড়া, ভাসমান মানুষ) সমাজের অংশ। স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার তাদেরও আছে। তাদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করলে সমাজে এইডসের ঝুঁকি আরো বাড়বে।

অনলাইন ডেস্ক