বাসার গ্যারেজে যুবলীগ নেতার গুলিবিদ্ধ লাশ
রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসার গ্যারেজ থেকে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনায়েত কবির চঞ্চলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর লাশ পাওয়া যায়।
ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, বাসার গ্যারেজে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় যুবলীগ নেতা এনায়েত কবির চঞ্চলের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় তাঁর মাথার কাছে লাইসেন্স করা রিভলবার পড়ে থাকতে দেখা যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
চঞ্চলের লাশ তাঁর ধানমণ্ডির বাসায় রাখা হয়েছে। ময়নাতদন্ত হবে কি না, এ বিষয়ে কিছু জানাতে পারেননি হেলাল উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক