সারা দেশে বিএনপির হরতাল চলছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে দলটির ডাকে আজ বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। খুলনা ও সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : হরতালের সমর্থনে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ সকাল ৭টার দিকে শহরের কাথুলি বাসস্ট্যান্ড থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শাহাজিপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হরতালের সমর্থনে স্লোগান দেওয়া হয়। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
এদিকে, আজ হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতে ইসলামীর ১১ কর্মী-সমর্থককে আটক করে পুলিশ।
এ ছাড়া আজ হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি জেলায়। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই আন্তজেলা ও দূরপাল্লার সব পরিবহন ছেড়ে যাচ্ছে।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : আজ দুপুর ১২টায় শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। আলফাত উদ্দিন স্কয়ারে যেতে চাইলে পুলিশ পুরাতন বাসস্টেশন এলাকায় তাঁদের বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হক প্রমুখ।
গত সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গণসংযোগ করার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর প্রতিবাদে সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করে আজ বুধবার হরতালের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : হরতালের সমর্থনে মহানগর বিএনপি কয়েকবার বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা ব্যর্থ হয়ে যায়। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে হালকা যানবাহন চলাচল করছে। বেশির ভাগ স্থানেই দোকানপাট বন্ধ রয়েছে। নগরীর বিভিন্ন মহল্লার মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। র্যাব, বিজিবির টহল জোরদার করা হয়েছে।
অসীম মণ্ডল, সিরাজগঞ্জ : সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। হরতালের সমর্থনে জেলার কোথাও বিএনপির নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি।
যেকোনো নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি, র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
আইয়ুব আলী, ময়মনসিংহ : সকাল থেকেই শহরের প্রধান সড়কে কিছু স্বল্প পরিসরে যানবাহন চলতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাস চলেনি। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
মারুফ আহমেদ, সিলেট : জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও ২০ দলীয় জোটের শরিক দলগুলো হরতালের সমর্থনে মিছিল করেছে। নগরীতে রিকশা ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বা প্রবেশ করেনি। ব্যস্ততম এলাকা জিন্দাবাজারসহ শহরের সবকটি শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি, র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : হরতালের সমর্থনে কোনো মিছিল দেখা যায়নি। শহরে রিকশা ও অটোরিকশার চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা যায়নি। কুমিল্লা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অভিমুখে দূরপাল্লার গাড়ি চলতে দেখা গেছে। রেল চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর কান্দিরপাড় এলাকায় বিপণিবিতানসহ অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

অনলাইন ডেস্ক