কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র রিমান্ডে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ নিহতের মামলায় আটক ছয় ছাত্রের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমি এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ তাঁদের পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন।
ছয় আসামি হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. রেজাউল ইসলাম (২৩), তাঁর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাজেদ বাগিরঘাট গ্রামে; কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিষ্ণপুর নোয়াপাড়া গ্রামের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র জাহিদুল আলম (২৭), কক্সবাজার জেলার কুতুবদিয়ার লেশখালী গ্রামে লোকপ্রশাসন বিভাগ মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আবুবকর ছিদ্দিক (২৬), চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের বিবিএ শেষ বর্ষের ছাত্র সুদীপ্ত নাথ (২৪), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চান্দিশকরা (মধ্যপাড়া) গ্রামের পরশ বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি রূপম চন্দ্র দেবনাথ (২৩), মাগুরা সদর উপজেলার সাতদোহাপাড়া গ্রামের ও নৃবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র সজন বরণ বিশ্বাস (২১)। তাঁদের মধ্যে সজন চন্দ্র বিশ্বাস ও রূপম চন্দ্র দেবনাথ বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র এবং অন্যরা ধীরেন্দ্র নাথ দত্ত হলের।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ বলেন, হত্যাকাণ্ড ছাড়াও ওই রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে হামলা, ভাঙচুর, সরকারি সম্পদের ক্ষতিসাধন, অনেক ছাত্রকে আহত করার অপরাধে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডসহ এসব ঘটনার সঙ্গে যারাই জড়িত রয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানায় ডিবি পুলিশ।
শোকের মাস আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন খালিদ সাইফুল্লাহ। পরদিন সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত খালিদ বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
গতকাল মঙ্গলবার খালিদ সাইফুল্লাহ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। একই দিন এই মামলায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাসহ ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত সোমবার জেলার দক্ষিণ মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা