বানভাসি মানুষের পাশে রাবি শিক্ষার্থীরা
দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ঘরছাড়া লাখো মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। কুড়িগ্রামে বন্যার্তদের ত্রাণসহায়তা দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় আবাসিক হল, ক্যাম্পাস ও রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে অর্থ সংগ্রহ করছে ৩০-৩৫ জনের একটি স্বেচ্ছাসেবী দল।
‘বন্যার্তদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ স্লোগানকে সামনে রেখে এই স্বেচ্ছাসেবী দল কাজ করছে।
স্বেচ্ছাসেবী দলের সদস্য বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহসান হাবীব রাভী জানান, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার্তদের দুর্ভোগের বিষয়টি উপলব্ধি করে গত সপ্তাহ থেকে আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে, আবাসিক হলগুলোতে এবং রাজশাহী নগরীতে টাকা সংগ্রহ করা শুরু করি। রাবি ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এ কাজে যুক্ত করছি। উত্তোলনকৃত টাকা দিয়ে কুড়িগ্রাম জেলার অন্তর্গত বন্যাকবলিত এলাকায় খাবার পৌঁছে দেওয়া হবে।’
‘এখন পর্যন্ত ৬৭ হাজার ৪৪০ টাকা উঠেছে। আমাদের হাতে এখনো সময় আছে, তাই টাকার পরিমাণ আরো বাড়বে।‘ যোগ করেন আরেক স্বেচ্ছাসেবী আহমেদ সজীব।
বন্যার্তদের সহযোগিতার এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফারুক সরকার। তিনি বলেন, এই টাকা যথাযথভাবে যেন বন্যার্তদের মাঝে তুলে দিতে পারি সে জন্য আমরা কুড়িগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেছি। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আগামী ৩ আগস্ট বন্যাদুর্গত এলাকার মানুষকে আমরা ত্রাণসহায়তা পৌঁছে দিতে পারব।’
বন্যার্তদের যদি কেউ সাহায্য করতে চান তাহলে ০১৭৭৯-২৪৭০২২ (বিকাশ অ্যাকাউন্ট) ও ০১৭৪৩-৪০২৩১৯০ (ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং) নম্বরে সহযোগিতা পাঠাতে পারবেন। এ ছাড়া ত্রাণসামগ্রী দিতে চাইলে ওই নম্বর দুটিতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

রাবি সংবাদদাতা