রেলের নিয়োগে চাচার পরীক্ষা দিতে এসে ভাতিজা আটক
পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টোর মুন্সি পদের নিয়োগ পরীক্ষায় এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। আটক শরৎচন্দ্র দাশগুপ্ত চুয়াডাঙ্গার দর্শনা এলাকার সুনীল চন্দ্র দাসগুপ্তের ছেলে এবং রাজশাহী সরকারি সিটি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি তাঁর চাচা পালন কুমার দাশগুপ্তের প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে বসেছিলেন বলে জানায় পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে শরৎ চন্দ্রকে আটক করা হয়। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছে।
বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান এনটিভি অনলাইনকে জানান, চাচার প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে শরৎচন্দ্র পরীক্ষা দিতে বসেছিলেন। খাতা স্বাক্ষরের সময় বিষয়টি টের পেয়ে অধ্যাপক মনোয়ারা বেগম ও রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা প্রদীপ কুমার সাহা তাঁকে আটক করে পুলিশে দেন। শরৎচন্দ্রকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ওই কেন্দ্রে এক হাজার ৪২০ জনের আসন থাকলেও পরীক্ষায় অংশ নেন ৮৫০ জন পরীক্ষার্থী।

শ ম সাজু, রাজশাহী