ভেজাল রং তৈরির দায়ে ইউপি সদস্যকে দণ্ড
ভেজাল রং তৈরির অপরাধে গোপালগঞ্জ শহরের হীরাবাড়ী রোডের রেজাউল সরদার (৪০) নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী হাকিম হোসাইন মো. আল জুনায়েদ এ দণ্ড দেন।
নির্বাহী হাকিম হোসাইন মো. আল জুনায়েদ জানান, শহরের হীরাবাড়ী রোড এলাকার আবু নাঈম আহম্মেদের বাড়ির নিচতলার একটি ইউনিট ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করেন নিজামকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজাউল সরদার।
রেজাউল ওই বাড়িতে বসে বিভিন্ন কোম্পানির খালি কৌটা কিনে ভেজাল রং তৈরি করে কম দামে দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি করে আসছিলেন। বার্জার কোম্পানির পরিবেশকরা বাজারে ভেজাল রং পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন। তার পরই এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত এ সময় ওই বাড়ি থেকে ৫০০ গ্যালন ভেজাল রং, প্রায় ২০০টি খালি কৌটা এবং রং তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ