জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মেহেরপুরে বিভিন্ন সংগঠনের মানববন্ধন
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মেহেরপুরে পৃথক মানববন্ধন করেছে জেলা পরিবেশক সমিতি, জেলা কৃষক লীগ, হেযবুত তাওহীদ জেলা শাখা, মেহেরপুর সরকারি কলেজ ও মেহেরপুর সরকারি মহিলা কলেজ।
আজ সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা পরিবেশক সমিতি, জেলা কৃষক লীগ ও হেযবুত তাওহীদ জেলা শাখা। বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজ এবং সরকারি মহিলা কলেজ চত্বরে মানববন্ধন করে শিক্ষক ও শিক্ষার্থীরা।
জেলা পরিবেশক সমিতির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সম্পাদক শামিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, হেযবুত তাওহীদের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মনিরুজ্জমান মনির, মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা আমির শরিফুল ইসলাম, গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আমির সাহারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আমির তানভীর আহমেদ, জাহিদ মাহমুদসহ তিন সংগঠনের দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
অপরদিকে মেহেরপুর সরকারি কলেজের উপাধাক্ষ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম সোলাইমান আলী, উপাধাক্ষ আসাফ উদ দৌলা, প্রভাষক ড. গাজী রহমান, আবদুর রাজ্জাকসহ দুই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এ দেশে ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস ও জঙ্গি হামলায় সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা হবে। তাই জঙ্গিবাদবাদ দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর