অকালেই চলে গেলেন সাংবাদিক আবদুর রাহমান
কালের কণ্ঠের সিলেট কার্যালয়ে নিজস্ব প্রতিবেদক আবদুর রাহমান আর নেই। আজ সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। (ইন্না লিল্লাহি...রাজিউন)।
আবদুর রাহমানের বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী এবং সাড়ে তিন বছরের একটি মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে খাদ্যনালির ক্যান্সারে ভুগছিলেন।
আবদুর রাহমানের মৃত্যুর খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা ভিড় করেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আবদুর রাহমানের মরদেহ সিলেট প্রেসক্লাবে নিয়ে আসা হবে। সেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো শেষে সকাল ১০টায় সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুজগীপুরে নিয়ে যাওয়া হবে। দুপুর আড়াইটায় সেখানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় গোরস্তানে তাঁকে দাফন করা হবে।
আবদুর রাহমান কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট ব্যুরোতে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি স্থানীয় দৈনিক সিলেটের ডাক, দৈনিক জালালাবাদ ও সিলেট প্রতিদিন পত্রিকায় কর্মরত ছিলেন। ২০১৪ সালে তাঁর লেখা ভ্রমণধর্মী বই ‘বিলেতের গ্রাম’ প্রকাশিত হয়।

মারুফ আহমেদ, সিলেট