রাজউক চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বাড়ল এক বছর
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তি ভিত্তিতে নিয়োজিত অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জি এম জয়নাল আবেদীন ভূঁইয়ার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। এই নিয়োগ ২১ এপ্রিল থেকে কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
অতিরিক্ত সচিবের পদ থেকে অবসর গ্রহণের পর গত বছরের ২১ এপ্রিল সরকার তাঁকে রাজউকের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। ২০ এপ্রিল তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অপর এক আদেশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুচ ছালামের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক