চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে এ কর্মসূচি পালিত হয়।
সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, বিএনপি নেতা নজরুল ইসলাম, তাসেম আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাটিকে মিথ্যা উল্লেখ করে রায়ের কঠোর সমালোচনা করেন।
প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ