মাছ উৎপাদন ও বাজারজাতকরণে সফল রাজশাহী
মাছ উৎপাদন ও জীবন্ত মাছ বাজারজাতকরণে দেশে রোলমডেল হয়ে দাঁড়িয়েছে রাজশাহী। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ জেলার মৎস্য খাত উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
আজ মঙ্গলবার দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রাব্বানী। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গোলাম রাব্বানী বলেন, অভ্যন্তরীণ ও উন্মুক্ত জলাশয় মিলে জেলায় ১৬ হাজার ৬৬৫ হেক্টর জলাশয় আছে। সেখান থেকে বছরে প্রায় ৬৬ হাজার ৮২২ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত মাছ জেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে। বর্তমানে নিরাপদ মাছ চাষ প্রকল্প শুরু হয়েছে। এটি সফল হলে অচিরেই রাজশাহীর মাছ বহির্বিশ্বেও পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এ সময় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেওয়া কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রাব্বানী সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে আগামী ২০ জুলাই রাজশাহী শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা, পদ্মা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, ২১ জুলাই মৎস্যভবনে মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৩ জুলাই পবার হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজে মাছ চাষ বিষয়ে সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৪ জুলাই পবার নওহাটা বাজারে উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ২৫ জুলাই পবা উপজেলা হলরুমে সমপানী অনুষ্ঠান ও সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বি, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ড. মুহাম্মদ নিয়াজ উদ্দিন ও পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহেদ আলী।

শ. ম সাজু, রাজশাহী