জঙ্গিবাদে মদদ দিচ্ছে জামায়াত : ইফা গভর্নর
এ দেশে জঙ্গি ও সন্ত্রাসীদের মদদ দিচ্ছে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিব। তাদের প্রত্যক্ষ-পরোক্ষ শক্তিতে জঙ্গিরা বড় বড় হামলা চালাচ্ছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ রোববার দুপুর ১টায় মাদারীপুরে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) গভর্নর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ।
প্রধান অতিথি বলেন, জামায়াত ১৯৭১ সালে এ দেশে যেমন হত্যাযজ্ঞ করেছিল, এখন তারাই ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। তাদের সহায়তার আইএস এ দেশে প্রবেশ করেছে। তাদের রাজনৈতিক পথ বন্ধ করতে হবে।
মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিঞা, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মোহাম্মদ আবদুল হক।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্তি জেলা প্রশাসক বাবর আলী মীর। সভায় ইসলামী ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা ও নূরানির প্রায় তিন শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা, অবিলম্বে এ দেশ থেকে জঙ্গিবাদ দমনে সরকারের প্রতি আহ্বান জানান। তারা এলাকায় এলাকায় জঙ্গিবাদ দমনে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর