রাঙামাটিতে জঙ্গিবাদ নির্মূলে প্রতিরোধ সভা
রাঙামাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলে তাদের মূলোৎপাটনের আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী জঙ্গিদের আস্তানা গড়ে তুলতে দেওয়া হবে না।
আজ শনিবার দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে রাঙামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে এক আলোচনা সভায় সংসদ সদস্য এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পৌর প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন সন্ত্রাস মোকাবিলায় বড় ধরনের ভূমিকা রাখতে পারে। সমাজে ধর্মীয় গুরু বা ধর্মীয় নেতাদের কথা দেশে সর্বস্তরের মানুষ বিশ্বাসের সঙ্গে শোনে। পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারেন ধর্মীয় নেতারা। তাই প্রতিটি জুমার দিন খুতবার সঙ্গে জঙ্গিবিরোধী বয়ান দেওয়ার জন্য ধর্মীয় নেতাদের আহ্বান জানান তাঁরা।

ফজলে এলাহী, রাঙামাটি