বিএনপির কোমরে আর জোর হবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আশা করি, ভবিষ্যতে আর কোমরে এত জোর হবে না যে, আবার সরকার নামানোর কথা চিন্তা করতে পারবে।’
আজ সোমবার দুপুরে রাজধানীতে সচিবালয়ে কয়েকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
ভিডিও কনফারেন্সে নাটোর ও ফেনী জেলার উন্নয়ন সমন্বয় কমিটি এবং চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া ৯২ দিন পার্টি অফিসে বসে ছিলেন কেন? আওয়ামী সরকারকে উৎখাত করে ঘরে ফিরবেন। রাজনীতি যদি জনগণের স্বার্থে হয়, জনগণের কল্যাণে হয়, তবে জনগণকে হত্যা করা কেন? এর মধ্যে কী অর্জন তাঁর? যাই হোক, কোর্টেও সারেন্ডার করতে হয়েছে, আবার ঘরেও ফিরে যেতে হয়েছে। আওয়ামী লীগ এখনো বহাল তবিয়তেই আছে। দেশের উন্নয়নকাজের জন্য যেসমস্ত পরিকল্পনা আমরা নিয়েছি, সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারব। আশা করি ভবিষ্যতে আর কোমরে এত জোর হবে না যে, এই ধরনের আবার সেই সরকার নামানোর কথা চিন্তা করতে পারবে।’
বিএনপি-জামায়াত ডাকা হরতাল ও অবরোধে সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলাপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধামন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদী, সন্ত্রাসী কমকাণ্ড যাঁরা করেছে, মানুষ খুন যাঁরা করেছে, মানুষকে পুড়িয়ে যাঁরা হত্যা করেছে এবং প্রত্যেক এলাকায় এলাকায় যাঁরা এই অপরাধী। যাঁরা এ সমস্ত ঘটনার সঙ্গে জড়িত। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলব প্রত্যেক এলাকা থেকে যাঁরা এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাঁদের বিচারের সম্মুখীন করতে হবে।’
উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়ার পাশাপাশি জেলার কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সকালে সেখানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও সংবাদমাধ্যমের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক