রাজশাহীতে জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ আটক ৪৬
রাজশাহীতে জামায়াত-শিবিরের সাত কর্মীসহ ৪৬ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত মহানগরীর চার থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে চালানো অভিযানে তাঁদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের এ তথ্য নিশ্চিত করেন।
আটক জামায়াত ও শিবিরকর্মীরা হলেন রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার বেলাল হোসেন (৫৭), মহানগরীর কাশিয়াডাঙ্গা উত্তরপাড়া এলাকার আকতারুজ্জামান (৩৪), মহানগরীর দরগাপাড়া এলাকার ইমরুল হোসেন (২৩), চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার দনিয়ালগাছী গ্রামের পরশ আলম (২২) ও সদাশিবপুর গ্রামের আব্দুল রাকিব (২৫), নওগাঁ জেলার গোপালপুর গ্রামের হারুন অর রশিদ (২৬) ও জেলার মান্দা উপজেলার শিলগ্রামের খুশবর আলীর ছেলে আব্দুল হান্নান (২৩)।
আজ দুপুরে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত অন্যদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা সাতজন, রাজপাড়া থানা ১৮ জন, মতিহার থানা ১১ জন, শাহ মখদুম থানা তিনজনকে আটক করেছে। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

শ. ম সাজু, রাজশাহী