বাগমারায় পাটক্ষেতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের রমজানপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে খেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুপুরে পাটক্ষেতের মধ্যে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি প্রথমে মরদেহ দেখতে পান। পরে তাঁর চিৎকারে গ্রামের লোকজন জড়ো হন। এ সময় থানায় খবর দেওয়া হলে বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।
আবুল কালাম আজাদ জানান, ওই ব্যক্তির পরনে সাদা চেক লুঙ্গি ছিল। তবে তার শরীরে কোনো কাপড় ছিল না। তার রক্তাক্ত মাথাটি লাল গামছা দিয়ে পেঁচানো ছিল। তিনি বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির সময় মৃত ব্যক্তির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ওই গ্রামের লোকজন পুলিশকে জানিয়েছে, তাঁরা মৃত ব্যক্তিকে চেনেন না।

শ. ম সাজু, রাজশাহী