ফরিদপুরে ১১৮৬ ঈদগাহ ময়দান প্রস্তুত
রাত পোহালেই ঈদ। এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে শরিক হবে নানা বয়সের মুসলমান। এ ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ফরিদপুর জেলার এক হাজার ১৮৬ ঈদগাহ ময়দানের।
ফরিদপুরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের কমলাপুর চাঁদমারী এলাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আর জাকের পার্টির আয়োজনে জেলা শহরের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে সকাল ১০টায়।
এ ছাড়া সকাল সোয়া ৮টায় শহরের চকবাজার জামে মসজিদ, সাড়ে ৮টায় পুলিশ লাইনস ময়দান, শামসুল উলুম মাদ্রাসা, চুনাঘাটা ঈদগাহ ময়দান, ফরিদপুর রেলস্টেশন মসজিদ, মাস্টার রেল কলোনি মসজিদ, বায়তুল মোকাদ্দেম মসজিদ ও আলীপুর কবরস্থান মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল পৌনে ৯টায় শাহ ফরিদ মসজিদে, সকাল ৯টায় কমলাপুর মাটিয়া কবরস্থান মসজিদ ও সাড়ে ৯টায় ফরিদপুর জেলা কারাগার ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সকাল ১০টায় জেলার সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল ও মধুখালী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে।
জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া জানান, ১২ থেকে ১৫ হাজার মানুষ যাতে ঈদের নামাজ আদায় করতে পারে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে।

সঞ্জিব দাস, ফরিদপুর