কারাগার এলাকায় তিন স্তরের নিরাপত্তা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড আজ রাত ১০টা ৩০ মিনিটে কার্যকর করা হতে পারে। সে জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
কারাগার এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ পুলিশ বাহিনী। রাত ৭টার দিকে কারাগারের সামনে মাইকিং করে জনসাধারণকে সরে যাওয়ার নির্দেশ দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আইজি প্রিজন ইফতেখার আহমেদ, ডিআইজি প্রিজন গোলাম হায়দার, সিনিয়র জেল সুপার ফরমান আলী এবং অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ফজলুল কবির কারাগারে প্রবেশ করেছেন। এখন তাঁরা ফাঁসির মঞ্চসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করছেন বলে কারাগারের একটি সূত্র জানিয়েছে।
রাজুর নেতৃত্বে ছয় জল্লাদ
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রধান জল্লাদ রাজুর নেতৃত্বে মোট ছয় জল্লাদ অংশ নেবেন বলে জানা গেছে। এঁদের মধ্যে রয়েছেন জল্লাদ পল্টু, সাত্তার, মাসুম, রিপন ও রানা।
এ ছাড়া পুলিশের লালবাগ জোনের ডিসি মফিজউদ্দিন আহমেদ, ডিআইজি গোলাম হায়দার, জেলা সিভিল সার্জন আবদুল মান্নান ভূঁইয়া, সহকারী সিভিল সার্জন আহসান হাবিব, কারা চিকিৎসক ও একজন ইমামের ফাঁসির দণ্ড কার্যকরের স্থানে থাকার কথা রয়েছে।

জাকের হোসেন ও হুমায়ুন কবির