শান্তিরক্ষী মিশনে যাচ্ছেন ১২৫ নারী পুলিশ
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে গঠিত পুলিশ ইউনিটে যোগ দিতে আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়বেন বাংলাদেশ পুলিশের ১২৫ জন নারী সদস্য। পুলিশ সদর দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
অতিরিক্ত পুলিশ সুপার আতিয়া হোসনা ১২৫ নারী সদস্যের এই কনটিনজেন্টকে নেতৃত্ব দিচ্ছেন। আগামীকাল সকালে বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কঙ্গোগামী এই পুলিশ সদস্যদের বিদায় জানাবেন।
এর আগে ২০১০ সালের ১৬ মে বাংলাদেশ থেকে নারী পুলিশ সদস্যদের পূর্ণাঙ্গ একটি কন্টিজেন্ট শান্তিরক্ষী মিশনের অধীনে হাইতিতে মোতায়েন করা হয়। এই জাতিসংঘ গঠিত পুলিশ ইউনিটের বাংলাদেশি এই নারী সদস্যরা অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করেন।
এই মুহূর্তে বাংলাদেশের এক হাজার ৩৬৯ জন পুলিশ সদস্য বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের হয়ে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে কঙ্গো, সুদান, দারফুর, আইভরি কোস্ট, লাইবেরিয়া এবং সোমালিয়া।

অনলাইন ডেস্ক