সুন্দরবনে দুই শাবকসহ বাঘিনীর আনাগোনা!
সুন্দরবনে বাঘের সংখ্যাতত্ত্ব নিয়ে যখন বহুমুখী জরিপ ও গবেষণা চলছে, তখন এক বাঘিনী তার দুই শাবককে নিয়ে কৌতূহলী মানুষের চোখে ধরা দিল। তিন-চার দিন ধরে বাঘিনীটিকে তার শাবকসহ অগভীর বনের মধ্যে ঘোরাফেরা করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জের সোহরাব হোসেন জানান, সুন্দরবন বন বিভাগের মুন্সীগঞ্জ ফরেস্ট স্টেশনসংলগ্ন চুনা নদীর ওপারে বাঘিনীকে কখনো রাতে, কখনো ভোরে, আবার কখনো ভরদুপুরে নিরীহ প্রাণীর মতো ঘুরে বেড়াতে দেখা গেছে। তিনি বলেন, অল্পক্ষণের জন্য দেখা গেলেও বাঘিনী তার ইচ্ছামতো লোকচক্ষুর মধ্যে আসে। চাইলেই সব সময় তাদের দেখা মিলছেও না।
স্থানীয় বনজীবীরা বলেন, এখন, অর্থাৎ আষাঢ়-শ্রাবণ মাস বাঘ-বাঘিনীর প্রজনন সময়। এ সময় বাঘ তার সঙ্গিনীকে কাছে পেতে ব্যাকুল হয়ে ওঠে। বনে হাঁক দেয়। হাঁক শুনে বাঘিনীও তাতে সাড়া দেয়। পরে তারা প্রজননক্রিয়া সম্পাদন করে। তারা বলেন, মুন্সীগঞ্জের বনে ঘোরাঘুরি করলেও বাঘিনী তার সঙ্গী বাঘকে কিন্তু পায়নি। এমনকি বনে বাঘের কোনো হুঙ্কারও শোনা যায়নি অনেক দিন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শোয়েব খান বলেন, ‘চুনা নদীর ওপারে মুন্সীগঞ্জ বন বিভাগের একটি পুরোনো পরিত্যক্ত ভবনের কাছে বাঘিনীকে কয়েক দিন ধরে দেখা যাচ্ছে। তবে সে যেমন কারো কোনো ক্ষতি করছে না, তেমনি তাকে হাঁক দিতেও শোনা যায়নি।’
এটা খুবই স্বাভাবিক উল্লেখ করে সহকারী বন সংরক্ষক বলেন, বাঘিনী পুরুষ বাঘের কবল থেকে শাবকদের রক্ষার জন্য তাদের সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, নিকটে কোথাও না কোথাও বাঘ রয়েছে। তার কবল থেকে শাবকদের রক্ষার জন্য মা বাঘটি শাবকদের সঙ্গে নিয়ে লোকালয়ের ধারে অবস্থান নিয়েছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা