মাদারীপুরে জমি নিয়ে বিরোধে নিহত ১
মাদারীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সাদ্দাম বেপারী (৩০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম রাস্তি গ্রামে এ ঘটনায় সাদ্দামের চাচা খলিল বেপারীকে ( ৪৫) আটক করেছে পুলিশ।
নিহত সাদ্দাম বেপারী ওই গ্রামের জলিল বেপারীর ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাদ্দাম বেপারীর স্ত্রী ময়না বেগমের অভিযোগ, সাদ্দামের সৎ ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল রাত ১১টার দিকে সৎ ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে কথা কাটাকাটির একপর্যায় সাদ্দামকে পিটিয়ে আহত করে। এরপর তাঁকে বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে।
ময়না বেগম বলেন, ‘আমার স্বামীকে আমার সৎ ভাসুর কায়েস, ননদ শেলি, জা নূপুর, জুয়েল ও চাচা শ্বশুর খলিল বেপারী হত্যা করেছে।’
মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘লাশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে আসেন খলিল বেপারী। ময়না বেগমের অভিযোগের ভিত্তিতে আমরা তাঁকে আটক করি।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও এসআই জানান।

এম. আর. মুর্তজা, মাদারীপুর