মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, চাচা আটক
মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সাদ্দাম বেপারী (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাদ্দামের চাচা খলিল বেপারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের সাদ্দামের সৎভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শনিবার রাত ১১টার দিকে সৎভাইদের সঙ্গে জমিজমা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হামলা চালালে সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহত সাদ্দাম বেপারীর স্ত্রী ময়না বেগম অভিযোগ করেন, ‘আমার স্বামীকে জমিজমার জন্য আমার সৎ ভাশুর কায়েস, ননদ শেলি, জা নূপুর, জুয়েল ও চাচাশ্বশুর খলিল বেপারী হত্যা করেছে।’
মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই ) কামরুজ্জামান জানান, লাশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর