চাকরির বয়স ৬৫ করার দাবিতে রাবিতে সমাবেশ
চাকরির বয়স ৬২ বহাল রেখে ৬৫ করার দাবিতে মহাসমাবেশ করেছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে এ মহাসমাবেশ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহাসমাবেশে বক্তারা বলেন, ’৭৩-এর অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে ৬২ বছর নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়স ৬০ বছর নির্ধারণ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অবান্তর।
এ সময় বক্তারা ইউজিসির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাদের চাকরির বয়সসীমা ৬২ বছর বহাল রেখে ৬৫ বছর করার দাবি জানান। না হলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
রাবি অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক এ কে এম নজরুল ইসলাম শেলী ও রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় মহাসমাবেশে সভাপতিত্ব করেন রাবি অফিসার্স সমিতির সভাপতি ডা. মাসিউল আলম হোসেন বাবু।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা ডা. এ টি এম আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনেয়াজ সরকার সেডু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আ. রহমান বাবুল এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসানুল হক।
মহাসমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাবি সংবাদদাতা