শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ১৫ ঘণ্টা পর ফেরি উদ্ধার
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে মাঝপদ্মায় ডুবোচরে আটকা পড়া ফেরি ‘থোবাল’কে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় ১৫ ঘণ্টা পর উদ্ধারকারী টাগ জাহাজ আইটি ৩৯৫’-এর মাধ্যমে ফেরিটি উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে মাঝপদ্মায় লৌহজং টার্নিংয়ে ডুবোচরে আটকা পড়ে ফেরি ‘থোবাল’। শিমুলিয়া ফেরিঘাট থেকে যাত্রীবোঝাই বাস ও পণ্যবাহী ট্রাকসহ ১৩টি যানবাহন নিয়ে ফেরিটি কাওরাকান্দি ঘাটের দিকে যাচ্ছিল।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)-এর সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) শেখর চন্দ্র রায় ডুবোচরে আটকা ফেরি থোবাল উদ্ধারের কথা জানিয়ে এনটিভি অনলাইনকে বলেন, ‘রাতের মধ্যেই ফেরি থোবালের যাত্রীদের অন্য ফেরিতে করে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।’

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ