‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণ, পাঁচজন আহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বোমার আঘাতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পদ্মার চরাঞ্চল রুস্তম মণ্ডলের টোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—শাকিল ওরফে সুমন (২৮), আরিফ হোসেন (৪০), জাহিদুল ইসলাম (৪৫), আনোয়ার হোসেন (৩৪) ও মনিরুল ইসলাম জসিম (২২)।
আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, আহত ব্যক্তিরা বোমা বানাতে গেলে বিস্ফোরণ হয়।
এ ঘটনার পর রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ পাঁচজনকে আটক করেছে। তাঁদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মাহফুজুর রহমান ও হামিদুর রহমান।
আহত ও আটক ব্যক্তিদের বরাত দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নারায়ণপুর ইউনিয়নের পদ্মার দুর্গম চরাঞ্চলের হুমায়ুন মেম্বারের বাড়িতে তাঁর ছেলে শাকিল ওরফে সুমনের নেতৃত্বে কয়েকজন হাতবোমা তৈরি করছিল। একপর্যায়ে বোমার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি।
এএসআই আরো জানান, ঘটনার পরপরই হুমায়ুন মেম্বারসহ বাড়ির সবাই গা-ঢাকা দিয়েছেন।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৫০টি হাতে তৈরি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত উপপরিদর্শক মাহবুব আল ইমরান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পাঁচজনকে আটক করা হয়েছে।

শ. ম সাজু, রাজশাহী
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ